ষ্টাপ রিপোর্টার : আবুবকর সিদ্দিক , সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের কৈজুরী গ্রামে মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে একটি পাকা সড়কের অপেক্ষা করছে। তবে, বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে নানা প্রতিশ্রুতি পাওয়া সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন আজও হয়নি। ফলে, এই রাস্তাটির অভাবে গ্রামবাসী দৈনন্দিন জীবনে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, “বছর বছর শুধু প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু সড়কের কোনো উন্নয়ন হয়নি।” বর্ষাকালে রাস্তা কাদা হয়ে যাওয়ায় সাধারণ মানুষের হাঁটা-চলা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এর ফলে, স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া আরও দুর্বিষহ হয়ে যায়। এছাড়া, কৃষকদের ফসল ও কৃষিপণ্য বাজারে নিতে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে।
সড়কটি প্রায় ২ কিলোমিটার দীর্ঘ, এবং উভয় প্রান্তে পাকা সড়কের সঙ্গে সংযুক্ত থাকলেও মাঝের অংশটি এখনও কাঁচা অবস্থায় রয়েছে। কৈজুরী থেকে কমলপুরের সংযোগ সড়কটির কোর্ড হল ৩৫৬৭০৪০১৭, যা কৈজুরী গ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটির পাকা না হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ জানান, তারা সড়কটি পাকা করার দাবিতে মানববন্ধনও করেছেন। বারবার জনপ্রতিনিধিদের কাছে দাবী জানানো সত্ত্বেও কোনো প্রকল্প অনুমোদন হয়নি। তিনি বলেন, “এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ সকল যানবাহনের চলাচলে নিত্যদিনের ভোগান্তি পোহাতে হচ্ছে।”
অপর স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, “অনেক জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েছিলো, কিন্তু কেউ কাজ করেনি। আমরা আশা করি কর্তৃপক্ষ আমাদের দীর্ঘদিনের দাবির প্রতি নজর দেবেন এবং শিগগিরই সড়কটি পাকা করার উদ্যোগ নেবেন।”
গ্রামবাসীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতার প্রতি তাদের একমাত্র দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, দ্রুত কৈজুরী সড়কটি পাকা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যা তাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করবে।
