পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের গৌরব কৃতি শিক্ষক মাহবুবুর রহমান টুলু স্যার। কুয়েট থেকে গণিতে এমফিল ডিগ্রি অর্জন করলেন কেশবপুরের কৃতি শিক্ষক মাহবুবুর রহমান টুলু কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সৎ, মেধাবী ও কর্মনিষ্ঠ শিক্ষাবিদ মাহবুবুর রহমান টুলু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে গণিত বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এই গৌরবময় সাফল্যে কেশবপুরের শিক্ষা অঙ্গনে আনন্দ, গর্ব ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসী তাঁর এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। তিনি কেশবপুরের একটা উজ্জ্বল নক্ষত্র।
সদালাপী এই শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি উচ্চতর শিক্ষা ও গবেষণায় নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। শত ব্যস্ততার মাঝেও তিনি শিক্ষার্থীদের পাঠদান, পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত গবেষণা চালিয়ে গেছেন। তাঁর নিরলস পরিশ্রম, অধ্যবসায় ও জ্ঞানের প্রতি গভীর অনুরাগের ফলেই তিনি এই গুরুত্বপূর্ণ ডিগ্রি অর্জনে সক্ষম হয়েছেন।
মাহবুবুর রহমান টুলুর গবেষণার বিষয় ছিল, “An Effective Analytic Solution of the Duffing Harmonic and Duffing Type Oscillators Using Iterative Method”। গণিতের জটিল ও গুরুত্বপূর্ণ এ গবেষণায় তিনি ডাফিং হারমোনিক ও ডাফিং টাইপ অসিলেটর সম্পর্কিত বিভিন্ন সমস্যার কার্যকর বিশ্লেষণধর্মী সমাধান নিয়ে কাজ করেন। সংশ্লিষ্টদের মতে, তাঁর এই গবেষণা ভবিষ্যতে গণিত, প্রকৌশল ও বিজ্ঞানভিত্তিক উচ্চতর গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তাঁর গবেষণার সুপারভাইজার ছিলেন কুয়েটের গণিত বিভাগের স্বনামধন্য অধ্যাপক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। তাঁর তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় মাহবুবুর রহমান টুলু সফলতার সঙ্গে গবেষণাকর্ম সম্পন্ন করেন।
সহকর্মীরা জানান, মাহবুবুর রহমান টুলু শুধু একজন দক্ষ শিক্ষকই নন, তিনি একজন আদর্শ মানুষও। তিনি সবসময় শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করেন। বিনয়ী আচরণ, সততা ও দায়িত্ববোধের কারণে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে অত্যন্ত প্রিয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, “স্যার সবসময় আমাদের ভালো কিছু করার অনুপ্রেরণা দেন। তিনি আমাদের বড় স্বপ্ন দেখতে শেখান। স্যারের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
মাহবুবুর রহমান টুলু বলেন, গণিত বিষয়ে উচ্চতর গবেষণার প্রতি তাঁর আগ্রহ দীর্ঘদিনের। এমফিল ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি তাঁর গবেষণার পথকে আরও এগিয়ে নিতে চান। তিনি বর্তমানে পিএইচডি গবেষণার প্রস্তুতি নিচ্ছেন এবং সফলভাবে তা সম্পন্ন করার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
তিনি আরও বলেন, “শিক্ষা ও গবেষণার কোনো শেষ নেই। আমি চাই, ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে।”
তাঁর এই কৃতিত্বে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এবং শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মাহবুবুর রহমান টুলু তাঁর মেধা, প্রজ্ঞা ও গবেষণার মাধ্যমে দেশের শিক্ষা ও গণিত চর্চায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং কেশবপুরের মুখ উজ্জ্বল করবেন।
