কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করার অপরাধে দুইজনকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (০৬ এপ্রিল-২৬) দুপুরে উপজেলার ৯ নং গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের ওই জরিমানা করেন। এ সময় ভেজাল দুধ তৈরির উপকরণ বিনষ্ট করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ভেরচি গ্রামে একটি চক্র গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার দুধের কারখানায় র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় অপু ঘোষের কারখানায় অভিযান পরিচালনাকালে ভেজাল দুধ উৎপাদনের সত্যতা পাওয়া যায়। এ ছাড়া গোবিন্দ ঘোষের দুধের কারখানায় দুধে পানি মিশিয়ে পরিমাণ বাড়ানো হচ্ছিল। যশোর জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সেলিমুজ্জামান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে অপু ঘোষকে ২ লাখ টাকা জরিমানা ও দুধে পানি মেশানোর অপরাধে গোবিন্দ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স। এ সময় অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়। 

এক মাস পূর্বে (০৯ মার্চ-২৬) কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব এবং ভোক্তা অধিকারের যৌথ অভিযান পরিচালনা করে ৫ জনকে ১বছর জেল ও এক লক্ষ টাকা করে জরিমানা এবং ১জনকে ৩ মাসের জেল ও এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)