পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুর উপজেলা শহরের শ্রীগঞ্জ পুরাতন ব্রিজের মাথায় নষ্ট ও পচা গরুর মাংস বিক্রির দায়ে মনিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের মালেক গোলদারের ছেলে জাকির হোসেন এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী-২৬) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীগঞ্জ পুরাতন ব্রিজ এলাকার বকুলতলা বাজারে একটি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে নষ্ট ও পচা গরুর মাংস বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনের আওতায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং উদ্ধারকৃত মাংস জব্দ করে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যদ্রব্য বিক্রিতে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
