কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়নে ইফতার মাহফিল ও এমপিকে গণসংবর্ধনা।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।


পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যশোর-৬ (কেশবপুর) আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মোক্তার আলীকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার (৬ মার্চ-২৬) বিকেল ৫টায় ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিমোহিনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মোক্তার আলী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাইদুর রহমান সাঈদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আলফাজুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু এবং যুব বিভাগের সভাপতি আয়াতুল্লাহ খোমেনি।এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোক্তার আলী বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এক মহিমান্বিত মাস। এই মাস মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। রোজা মানুষের ভেতরে আত্মসংযমের চেতনা জাগ্রত করে এবং সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। তাই রমজানের তাৎপর্য অনুধাবন করে সবাইকে বেশি বেশি ইবাদত-বন্দেগি ও মানবকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)