পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের যুব সমাজকে নিয়ে গঠিত সামাজিক সংগঠন মঙ্গলকোট উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ-২৬) ২৮ রমজান ঐতিহাসিক বদর দিবস এবং মরহুম আবু তালেব সানার রুহের মাগফিরাত কামনায় কন্দর্পপুর গ্রামের নিজ বাড়িতে ওই আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মঙ্গলকোট উন্নয়ন ফোরামের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে এবং চেয়ারম্যান মোঃ মহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্ম পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোতাহার হোসেন, মাষ্টার রেজাউল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাজিদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল ওহাব, কন্দর্পপুর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি কামারুজ্জামান বাবু, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে প্রধান অতিথি মাওলানা আব্দুস সামাদ বলেন, মঙ্গলকোট উন্নয়ন ফোরাম একটি মানবিক ও কল্যাণমূলক সংগঠন হিসেবে ইতোমধ্যে এলাকায় প্রশংসনীয় ভূমিকা রেখেছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং সামাজিক উন্নয়নে কাজ করা সত্যিই প্রশংসার দাবিদার। এ ধরনের উদ্যোগ সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হলে এমন সংগঠনের বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে মইনুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য একটি সুন্দর, মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলা। আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, মঙ্গলকোট উন্নয়ন ফোরাম ইতোমধ্যে কেশবপুর উপজেলায় বিভিন্ন সামাজিক কার্যক্রম যেমন গরিব ও অসহায়দের সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, ঈদ সামগ্রী বিতরণসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি মূলত মঙ্গলকোট ইউনিয়নের যুব সমাজের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে।শেষে মরহুম আবু তালেব সানার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা আব্দুস সামাদ।
